দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫২ জন এবং চট্টগ্রামে ২৮০ জন হাসপাতালে ভর্তি হন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৭৯, ময়মনসিংহে ৭২, খুলনায় ৬৬, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবেই হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২০ জন রোগী।