রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ দুজনকে গ্রেফতারে কথা জানিয়েছে।
বুধবার রাতে ভুক্তভোগীর পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ করেন গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক জাহানারা আক্তার স্বপ্না। তিনি জানান যে মেয়েটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিল এবং বিষয়টি জানার পর তারা থানায় মামলা করেছেন।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধানমন্ডি এলাকার ৪/এ সড়কের ৪৫ নম্বর বাড়ির বাসিন্দা নাসিরুল হক সিদ্দিকী ও শাহনাজ সিদ্দিকী দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় গৃহকর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।