রাজধানীর বিভিন্ন বারে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় কয়লা বারে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাকা মেট্রো কার্যালয় উত্তর-এর উপ-পরিচালক মো. রাজিউর রহমান।
তিনি জানান, স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন বারে একযোগে চারটি টিম অভিযান পরিচালনা করছে। মিরপুর, ডেমরা ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে। ফুয়াং ক্লাব, রুচিতা, ব্লেজার ক্লাউস ও কয়লা বারে অভিযান চালানো হয়েছে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
একটি কয়লা বারের বৈধ লাইসেন্স প্রসঙ্গে রাজিউর রহমান বলেন, প্রতিষ্ঠানটির মূল অবস্থান তেজগাঁও লিংক রোড এলাকায় থাকলেও সীমাবদ্ধতার কারণে তারা এলাকা পরিবর্তন করেছে। এ বিষয়ে গেজেট প্রকাশ হয়েছে এবং হাইকোর্টের অনুমতি নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু হাইকোর্ট অনুমতি দিয়েছে, সে ক্ষেত্রে নিয়মের মধ্যে পরিচালনা করতে তাদের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
অভিযানে কাউকে আটক বা জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ব্লেজার ক্লাউসে যাওয়ার পর কিছু মানুষ পালিয়ে গেছে এবং কিছু অনিয়ম চোখে পড়েছে। রুচিতায় কয়েকজনকে পারমিট ছাড়া পাওয়া গেলেও তাদের খাতাপত্র ও স্টক মোটামুটি ঠিক ছিল। পারমিট ছাড়া পাওয়া ব্যক্তিদের প্রাথমিক সতর্ক করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫(১) ধারা অনুযায়ী শোকজ করা হবে।