গাইবান্ধায় এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর হাসান (৩৬)কে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসআরবির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার এজাহারের বরাত দিয়ে বলা হয়, অভিযুক্ত জাহাঙ্গীর হাসান ওই গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ও তার স্বামী পোস্টগুলো মুছে ফেলার অনুরোধ করলে অভিযুক্ত আরও অশ্লীল ছবি প্রকাশের হুমকি দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩ জুলাই দুপুর পৌনে ১টার দিকে অভিযুক্তের ব্যবহৃত একটি নম্বর থেকে ওই গৃহবধূর মোবাইল ফোনে কল করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে ধারণ করা ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী গত ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১৮। মামলা হওয়ার পর অভিযুক্ত আত্মগোপনে চলে যান।
অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এসআরবি-১৩ (সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প) ও এসআরবি-১ (সিপিএসসি, উত্তরা, ঢাকা)-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা পূর্ব থানার উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার জাহাঙ্গীর হাসানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।