চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে যুক্ত হয়েছে ইলেক্ট্রোমায়োগ্রাফি বা ইএমজি মেশিন। এর ফলে হাত-পা অবশ হওয়া, সায়াটিকা ও মাংসপেশির দুর্বলতাসহ স্নায়ুর জটিল রোগ নির্ণয় সহজ হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকরা এই তথ্য জানান। ব্যবসায়ী মো. ওহিদুল আলম এই মূল্যবান মেশিনটি নিউরোলজি বিভাগে দান করেছেন।
নিউরো বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অধ্যাপক ডা. হাসানুজ্জামান বলেন, এই মেশিন যুক্ত হওয়ায় স্নায়ুর রোগ নির্ণয় ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি জানান, তাদের বিভাগে ইতিমধ্যে প্রায় ৩০ জনকে ২৪ ঘণ্টা আইভি থ্রম্বোলাইসিস সেবা দেওয়া হয়েছে। অচিরেই তারা নিউরো ইন্টারভেনশনের কাজ শুরু করতে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে স্থান সংকটের কারণে বিভাগের অনেক রোগীকে বর্তমানে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বলে জানান অধ্যাপক ডা. হাসানুজ্জামান। বারান্দায় ফ্যান, অক্সিজেন ও নিরাপত্তার অভাব থাকলেও রোগীরা সর্বোচ্চ সেবা পাচ্ছেন বলে তিনি জানান। চিকিৎসকদের সেখানে হাঁটু গেড়ে বসে রোগীদের সেবা দিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।