কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল রয়েছে। এর ফলে বিভিন্ন বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলো থেকে ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
ব্যাংকক দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা সেবা গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত অবিলম্বে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে লিসবন দূতাবাস জানিয়েছে, কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা এবং নো ভিসা সেবা প্রদান সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। সার্ভারটি দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালুর পর এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তি জানানো হবে।
সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংকক ও লিসবন দুটি মিশনই আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে এই পরিস্থিতিতে তারা সংশ্লিষ্ট সকলের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে। সার্ভার ঠিক হলে স্বাভাবিক নিয়মে আবার সেবা প্রদান করা সম্ভব হবে।