কম্বোডিয়ায় বসে বাংলাদেশিদের টার্গেট করে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চক্রটির বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। তাদের মধ্যে একজন কম্বোডিয়ায় অবস্থান করে চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পিবিআই বলছে, চক্রটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলতো। এরপর টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করে নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী কথাবার্তা বলতো। একপর্যায়ে হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে ফোন, বার্তা ও ভিডিও কলের মাধ্যমে অনলাইন ব্যবসায় বিনিয়োগে প্রলুব্ধ করা হতো। বিনিয়োগের পর বিভিন্ন অজুহাতে আরও টাকা নেওয়া হলেও ভুক্তভোগীদের কোনো অর্থ ফেরত দেওয়া হতো না।
এমন প্রতারণার শিকার হয়ে রাজধানীর দারুস সালামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৩৪ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা খুইয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন— মো. মেহেদী হাসান ওরফে সোহাগ (২৭), আবুল হাসান ওরফে নাঈম (২৪) এবং সুমাইয়া খাতুন ওরফে শান্তা (২৪)। খুলনার হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, মামলাটির তদন্তকালে গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির আরও কয়েকজন সদস্যের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।