প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে স্বাস্থ্যসেবা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙচুরের শিকার কেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে তিনি জানান, প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, সোমবার থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতার মাধ্যমে দ্রুততম সময়ে কেন্দ্রটির সংস্কারকাজ শুরু করবেন। রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার ধ্বংসযজ্ঞ দেখে তিনি গভীর মর্মাহত হয়েছেন উল্লেখ করে জানান, এ ধরনের কর্মকাণ্ড সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে শাহ আলী থানার ওসিকে ইতোমধ্যে ক্লোজ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রতিমন্ত্রী বলেন, কারও আইনি দাবি থাকলে তা আদালতের মাধ্যমে হওয়া উচিত ছিল, কিন্তু কেন্দ্র ভাঙার অধিকার কারও নেই। গৃহায়ন কর্তৃপক্ষের এই জায়গার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান তিনি।
এলাকার প্রসূতি মা ও শিশুদের টিকাদানসহ চিকিৎসাসেবা দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়ে আমিনুল হক জানান, তদন্তে দলীয় নেতাকর্মী কিংবা কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার প্রমাণ মিললেও কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।