গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি স্পিনিং মিলের শ্রমিকরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা অবস্থান নিলে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আন্দোলন চলাকালে পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যেতে বললে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চারজন আহত হন, যাদের মধ্যে লিপি আক্তার (৩৫) ও বাকপ্রতিবন্ধী বিলকিস (৩৬) নামের দুজনের অবস্থা গুরুতর। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে কারখানার সামনে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন এখনো বকেয়া রয়েছে এবং চলতি মাসেরও মাত্র তিন দিন বাকি আছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ নির্ধারণ করেও বকেয়া পরিশোধ না করায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বেতন বকেয়ার বিষয়ে কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রেখা নাগ জানান, গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে, তবে কর্তৃপক্ষ বেতন দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে গাজীপুর শিল্প অঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, দৌড়াদৌড়ি করে যাওয়ার সময় পড়ে গিয়ে শ্রমিকেরা আহত হয়ে থাকতে পারেন।