বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতাদের জন্য সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন ঋণের সুবিধা সম্প্রসারণে ১০ কোটি ডলারের একটি নমনীয় ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থার ঢাকা অফিস থেকে রোববার পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়, যা মূলত নারীদের আবাসন নিশ্চয়তাকে গুরুত্ব দেবে।
ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্টের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং যোগ্য ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী ও জামানতবিহীন ঋণ দেওয়া হবে। প্রথাগত ব্যাংকিং সেবার বাইরে থাকা অনানুষ্ঠানিক আয়ের পরিবারগুলো এর মাধ্যমে বাড়ি নির্মাণ, মেরামত ও মানোন্নয়নের সুযোগ পাবে।
এডিবি-র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, মর্যাদা ও দুর্যোগ-সহনশীলতা অর্জনে আবাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। এই প্রকল্প বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বিশেষ অবদান রাখবে।
প্রকল্পটির মাধ্যমে ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা অন্তর্ভুক্ত থাকবেন।