হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য চিত্রনায়ক জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা গ্রহণ করেননি তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই অর্থ ফিরিয়ে দেন এই অভিনেতা। এর আগে এই অর্থসহায়তাকে ঘিরে তৈরি হয়েছিল বিভ্রান্তি।
কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিফাত চৌধুরী। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান আর্থিক সহায়তা পাঠিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে বিষয়টি অভিনেতার নজরে আসে। তবে এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানান, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি এবং বিষয়টি তাকে কেউ জানাননি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এক সাংবাদিক জানান, জায়েদ খান রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা তার কাছে দিয়েছিলেন, কিন্তু তিনি তা অভিনেতার কাছে পৌঁছাতে পারেননি। এরপর শুক্রবার রাতে রিফাত চৌধুরী বলেন, “শুনলাম জায়েদ খান একজনের মাধ্যমে আমাকে কিছু টাকা পাঠিয়েছেন। কিন্তু, সেই টাকা কেউ দেননি বা আমাকে জানানো হয়নি।” পরবর্তীতে শনিবার সেই টাকা দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণে অস্বীকৃতি জানান তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি পা ও কোমরের সমস্যা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও দুর্বলতায় ভুগছেন। শুরুতে শয্যা না পেয়ে মেঝেতে থাকতে হলেও পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ে সক্রিয় রিফাত চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয় ১৯৮৪ সালে। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে। তিনি ‘সিক্সটি নাইন’ নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্র ছাড়াও ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমায় অভিনয় করেছেন। সুস্থ হয়ে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায় মন দেওয়ার ইচ্ছা রয়েছে তার।