রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯৬ জন, সাজাপ্রাপ্ত ২০ জন এবং তদন্তাধীন মামলার ৭৫ জন আসামি রয়েছেন। এছাড়া বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয় এবং পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে।
এই অভিযানগুলোতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ১৪৫টি পৃথক অপারেশন পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬ গ্রাম হেরোইন, ৪৬১ বোতল ফেন্সিডিল, ৫৮৭৯ পিস ইয়াবা ও ১৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা।
উদ্ধার হওয়া মাদকের পাশাপাশি ২৮ বোতল ইস্কাপ সিরাপ, ২৯ পিস ট্যাপেন্টাডল, ১০ লিটার চোলাই মদ ও ৬০ লিটার ওয়াস জব্দ করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মোট ৫৫টি নতুন মামলা দায়ের করা হয়েছে।