বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস পেলে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারেও দাম সমন্বয় করা হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা দেওয়া হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে ঢাকা বা অন্য কোনো জেলায় যেতে না হয়, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবিরা নাজমুল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত এবং সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।