শরিয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ও জপসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল ভোজেশ্বর ইউনিয়নের মশুরা (পেদা মার্কেট) ও আশপাশের এলাকায় এবং জপসা ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোজেশ্বর ইউনিয়নের মশুরা (পেদা মার্কেট) এলাকার মৃত শাহজাহান পেদার ছেলে সজীব পেদা (২৫), একই এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে রিদয় খান (২৫), জপসা ইউনিয়নের শেখপুরা কান্দী এলাকার মৃত নূর মোহাম্মদ বেপারীর ছেলে দেলোয়ার হোসেন বেপারী এবং গৌরাইল এলাকার সাহেব আলী গোরাপীর ছেলে খলিল গোরাপী।
পরে গ্রেপ্তার চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন।
নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।