মিয়ানমারে অবৈধভাবে পাচার করার সময় চারটি ট্রাকভর্তি ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত ১টায় চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোট ৪৮ হাজার কেজি সার জব্দ করা হয়।
এই ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।