মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি হাসপাতালের পিসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বিজয় চৌধুরীর ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একটি দাওয়াতে যোগ দিতে মানিকগঞ্জের সিংগাইরে গিয়েছিলেন তার বাবা। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন।
এদিকে বাবার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা ইসলাম। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটিতে রইছ চরিত্রে অভিনয়ের সময় বিজয় চৌধুরীর বয়স ছিল মাত্র ২২ বছর।
১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া এই অভিনেতা এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে সালমা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় এবং তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।