সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক অডিও ক্লিপ ছড়ানোর অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রাকিবুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়লে রাকিবুল হাসানকে থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। অডিওটিতে তাকে সরকার, প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।
ভাইরাল হওয়া ওই অডিওতে এক ব্যক্তিকে দাবি করতে শোনা যায় যে, ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে এলে বর্তমান প্রশাসন কিছুই করতে পারবে না। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা ও পদায়নে ঘুষ লেনদেন নিয়েও সেখানে বিভিন্ন অভিযোগ তোলা হয়। তবে অডিওটি প্রকৃতপক্ষেই ওসির কি না, তা যাচাই করে দেখছে পুলিশ।