সার্কভুক্ত দেশগুলোর কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির তথ্য মাঠপর্যায়ের কৃষকসহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সার্ক কৃষি কেন্দ্র। কৃষি উন্নয়নের আঞ্চলিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ছড়িয়ে দিতে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে কেন্দ্রটির নবনিযুক্ত পরিচালক ড. মো: গোলাম মাহবুব এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, কৃষি খাতের উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ড. মো: গোলাম মাহবুব আরও জানান, কৃষি খাতের নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে। বিএআরএফের পক্ষ থেকেও সার্ক কৃষি কেন্দ্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানানো হয়।
মতবিনিময় সভায় সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মো: ইউনূস আলী, ড. মো: সিকান্দার খান তানভীর, ড. রাজা উল্লাহ খান, ড. মো: শরীফুল ইসলাম এবং বিএআরএফ সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক কাওসার আজমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা যৌথ কার্যক্রম ও তথ্য বিনিময়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।