‘স্বপ্ন দেখো,জীবন গড়ো'এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে প্রথম আলোর উদ্যোগে এবং শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো'এর পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত।
প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, এটিএন বাংলা ও এটিএন নিউজের গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনা, সাংবাদিক আরিফুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার্থীরাই দেশের আলোর পথ দেখাবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে চিকিৎসক, প্রকৌশলী,শিক্ষক, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবা করবে। তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সাড়ে আট শতাধিক শিক্ষার্থীর প্রত্যেককে সম্মাননা স্মারক, সনদপত্র ও শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।
সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা।
দিনব্যাপী আয়োজন জুড়ে জেলা ইনডোর স্টেডিয়ামে ছিল উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।