ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা সিনেমা ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থেকে নিয়মিত ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। আর সেই ছবির সঙ্গে জুড়ে দেওয়া একটি আবেগঘন পঙ্ক্তি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
প্রকাশিত ছবিতে কালো রঙের ওপর বর্ণিল ফুলের ছাপ দেওয়া পোশাকে দেখা গেছে তমাকে। কপালে কালো রঙের ছোট টিপ, কানে মানানসই দুল আর মুখে মিষ্টি হাসি নিয়ে বারান্দায় চেয়ারে বসে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সামনে রাখা কফির কাপ যেন ছবির আবহে যোগ করেছে এক ভিন্ন অবসরের ছোঁয়া। তবে ছবির চেয়েও ভক্তদের আগ্রহ বেশি বাড়িয়েছে তমার লেখা সেই আবেগপ্রবণ ক্যাপশনটি।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, বোকা আমি না কি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন। তমার এমন আবেগি কথার পরই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া জমতে শুরু করে। ভক্তদের একজন লেখেন, ভালোবাসলে মানুষ বোকাই হয়, আবার আরেকজনের ভাষ্য, মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।
তমার ছবির সঙ্গে এমন রহস্যময় ক্যাপশন ভক্তদের মনে কৌতূহল তৈরি করলেও এটি নিছক অনুভূতির প্রকাশ, না কি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প, সে বিষয়ে কিছু জানাননি এই চিত্রনায়িকা।