নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘ফ্রম ক্লাশরুম টু ইকোনমি’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে মন্তব্য করেন যে, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক করার পাশাপাশি শিক্ষাকে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে যুক্ত করতে হবে। অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে বক্তারা মত প্রকাশ করেন। এ ক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়। তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার উদ্দেশ্যকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার তাগিদ দেওয়া হয়। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন ভবিষ্যতে অংশীজনদের মধ্যে সহযোগিতা ও জ্ঞানবিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে। শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি ধারাবাহিকতা তৈরির প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।