গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি শুকনা গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন পুরাতন জেলখানা মোড় এলাকায় মো. বকুলের পানের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটি চলাকালে হামিদুল হক (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আটক হামিদুল হকের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে রাখা ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজাগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পুলিশকে জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চওয়াবাড়ী মৌজার মো. নয়ন মিয়া (২৬) নামে এক ব্যক্তির কাছ থেকে কম দামে গাঁজা কিনে অধিক লাভের আশায় বিক্রির উদ্দেশ্যে ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় নয়ন মিয়াকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটি গাইবান্ধা সদর থানার মামলা নং-৪২, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।