চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের তীব্র বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের কর্মকর্তারা। উচ্ছেদ করা হলে কোথায় থাকবেন, তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সময় চেয়েছেন প্রায় ৩০ বছর ধরে বসবাসকারী ৩০০টির বেশি পরিবার। বুধবার সকালে উপজেলার কুমিরা জোড়ামতলা এলাকায় মহাসড়কের পূর্ব পাশে এই উচ্ছেদ অভিযান চালাতে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় স্থানীয়রা উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে অভিযান বন্ধের দাবি জানান। তারা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে সেখানে বসবাস করলেও এখন উচ্ছেদ করা হলে তাদের অন্য কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই। তাই উচ্ছেদের আগে তাদের সময় দেওয়ার দাবি জানান স্থানীয়রা।
রেলওয়ে কর্মকর্তারা জানান, কুমিরা পুরাতন রেলওয়ে সেতু ইয়ার্ড এলাকায় অবৈধভাবে টিনশেড ও ঝুপড়ি ঘর নির্মাণের বিষয়টি পরিদর্শনে পাওয়া গেছে। দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে রেলভূমি খালি করার জন্য নির্ধারিত ১৫ কার্যদিবসের নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে তারা স্বেচ্ছায় স্থাপনা না সরানোয় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
রেলওয়ের নোটিশে উল্লেখ করা হয়, কুমিরা স্টেশন এলাকার ঢাকা-চট্টগ্রাম মেইন লাইনের ২২/৩ থেকে ২২/৫ কিলোমিটারের মধ্যবর্তী স্থানে স্থানীয়রা অবৈধভাবে বসবাস করছেন। তাদের একাধিকবার স্থাপনা সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। অন্যদিকে স্থানীয়দের দাবি, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত উচ্ছেদ না করে যেন তাদের কিছু সময় দেওয়া হয়।