লন্ডনে বাংলাদেশিদের অন্যতম প্রাণকেন্দ্র ‘কারি ক্যাপিটাল’ খ্যাত বাংলা টাউন ব্রিকলেনে অনুষ্ঠিত হয়েছে 'কারি ফেস্টিভ্যাল ২০২৬'। গত রোববার ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও সংগীতের এই আয়োজনে মুখর হয়ে উঠেছিলেন হাজারো প্রবাসী বাংলাদেশি।
উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সড়কজুড়ে বাংলাদেশি সংস্কৃতির নানা চিহ্ন, রঙিন সাজসজ্জা এবং সংগীত ও নৃত্য প্রদর্শন করা হয়। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।
ব্রিক লেনের রেস্তোরাঁগুলোতে ছিল বিশেষ আয়োজন। দেশীয় মসলার ঘ্রাণে নানা ধরনের কারি, বিরিয়ানি, ভুনা ও তন্দুরির স্বাদ নিতে ভিড় করেন দর্শনার্থীরা। প্রবাসী বাঙালিরা জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও শেকড়ের পরিচয় ঘটছে।
উৎসবের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. মোঃ নজরুল ইসলাম। আয়োজক গুলজার খান জানান, এই উৎসব স্থানীয় ব্যবসা ও বিভিন্ন কমিউনিটির বন্ধন দৃঢ় করবে।
মেয়র লুৎফুর রহমান বলেন, কারি ফেস্টিভ্যাল শুধু খাবারের উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও পরিচয় তুলে ধরার মাধ্যম। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।