জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গত মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেস বার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রস্তাবগুলো তুলে ধরেন।
প্রেস বার্তায় বলা হয়, জ্বালানির দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে— এটাই স্বাভাবিক হলেও ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দেওয়া হচ্ছে। শুধু বাস ও লঞ্চ মালিকদের নিয়ে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে বলে অভিযোগ করে সংগঠনটি। জনস্বার্থের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে এবং কত টাকা পরিচালন ব্যয় বেড়েছে তার কোনো স্বচ্ছতা প্রকাশ করা হচ্ছে না বলে জানানো হয়।
বিগত সরকারের সময় থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিদের ভাড়া নির্ধারণের বিষয়ে কোনো মতামত নেওয়া হয় না বলে উল্লেখ করা হয়। এর ফলে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রেস বার্তায় জানিয়েছে সংগঠনটি।