জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলাহাত্তিন বিলগেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরটিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কয়েকজন উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক যাত্রার মাঝে ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রী কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেন। পরবর্তী সময়ে তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে তিনি বিমানবন্দরটি থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।