এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী একটি বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে সাধারণ নাগরিকদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার এক বার্তায় তিনি বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সময়োপযোগী তথ্য প্রচার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি ও পোস্ট তৈরি এবং শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। বিশেষ করে তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের এই কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তা সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আগামী তিন মাস এই ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক করণীয়সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে। পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ভার্চুয়াল পরিসরেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।