চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে দুই টন খনিজ কয়লা এবং চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এই কয়লার আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই টন খনিজ কয়লা এবং দুটি সাম্পান বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বাহিনীটি। জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দেশের স্বার্থে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।