সাভারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ ও ছানি অপারেশন কার্যক্রম। এতে প্রায় দেড় হাজারেরও বেশি সাধারণ ও অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছায়াবীথি এলাকার শহীদ মজনু একাডেমী স্কুল মাঠে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর সহযোগিতায় এবং ঢাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে এ সেবা কার্যক্রম সম্পন্ন হয়। সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর নির্বাহী পরিচালক হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী,লায়ন মো. খোরশেদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাসের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এজাজ আহমেদ এবং উপপরিচালক মঞ্জুর মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাসের রেইজ (RAISE) প্রকল্পের সমন্বয়কারী বাবুল মোড়ল। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করেন। এ সময় বহু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পাশাপাশি যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের নিবন্ধনের মাধ্যমে পর্যায়ক্রমে বিনামূল্যে ছানি অপারেশন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে আয়োজকরা বলেন, "দৃষ্টিশক্তি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বয়স বাড়ার সাথে সাথে চোখে ছানি পড়ার সমস্যা দেখা দেয়, যা সময়মতো চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিরাময় সম্ভব। সাধারণ ও দুস্থ মানুষের দোড়গোড়ায় এই স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। উল্লেখ্য, মানবিক এই উদ্যোগে সহযোগী হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে লায়ন্স ক্লাব অফ ঢাকা অ্যারিস্টোক্র্যাট, লায়ন্স ক্লাব অফ বনানী মডেল টাউন, লায়ন্স ক্লাব অব উত্তরা ওয়েস্ট এবং তাদের অঙ্গসংগঠন লিও ক্লাব অফ ঢাকা অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস্টোক্র্যাট নোভা, অ্যারিস্টোক্র্যাট সানশাইন ও লিও ক্লাব অব উত্তরা ওয়েস্ট।