রাঙামাটির সাজেকে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটক দল সাজেকের উদ্দেশে রওনা হয়েছিল।
সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি থমথমে হয়ে উঠলে খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে। আটক পর্যটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর সাইফুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আটক পর্যটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। পর্যটনের মতো একটি শান্ত পরিবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।