ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরো জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে জানানো হয়, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ অবিলম্বে মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে। একই সঙ্গে এই তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে উল্লেখিত নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পিএসও প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ তারিখের সার্কুলারে বর্ণিত লোগো অনুযায়ী আইকন প্রদর্শন করার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে কার্ডধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীদের মোবাইল অ্যাপ থেকে স্ক্যান করে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে হবে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।