রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে নাঈম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই বাসের চালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনিক পরিবহন বাসের সুপারভাইজার জাহিদ জানান, কুয়াকাটা যাওয়ার উদ্দেশে সায়দাবাদ থেকে যাত্রা শুরু করে বাসটি। জনপদ মোড় এলাকায় চলন্ত বাসটি ইউটার্ন নেওয়ার সময় ছিটকে নিচে পড়ে যান নাঈম।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা জাফর হাওলাদারের ছেলে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।