বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন এবং মা হওয়ার কারণে তার শারীরিক ওজন বাড়ায় সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে জোর চর্চা চলার পর ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া দৃঢ় প্রতিবাদ জানিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। ক্যাটরিনা কাইফের ছবিও শেয়ার করে তিনি বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া বার্তা দেন।
সালহা খানম নাদিয়া বলেন, মায়েদের শরীর জনসাধারণের কোনো সম্পত্তি নয় এবং একজন নারীর মূল্য তার ওজন, কোমরের মাপ বা চেহারার পরিবর্তনে কখনোই নির্ধারিত হয় না। তিনি আরো উল্লেখ করেন, একজন নারী যখন মা হন, তখন তার জীবন ও শরীর দুটোই বদলায়। গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়া, ঘুমহীন রাত, মানসিক চাপ ও হরমোনের পরিবর্তনের ছাপ কোথাও না কোথাও থেকে যায়।
ব্যক্তিগত জীবনে মা হওয়ার অভিজ্ঞতা স্মরণ করে অভিনেত্রী বলেন, আমিও জানি মা হওয়ার পর নিজের জন্য সময় বের করা কতটা কঠিন। মায়েদের একে অপরকে বিচার নয়, বরং একটু বেশি বোঝাপড়া, ভালোবাসা ও সমর্থন দেওয়া দরকার। তিনি কারো শরীর নিয়ে মন্তব্য করার সংস্কৃতি বদলানোর আহ্বান জানিয়ে বলেন, আপনার একটা কথা হয়তো কারো জন্য আত্মবিশ্বাসে প্রশ্ন তৈরি করে, তাই শরীরের পরিবর্তন নিয়ে প্রশ্ন না তুলে শক্তিটাকে উদযাপন করা উচিত।