গাইবান্ধার সাঘাটায় চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঘাটা থানা ফটকে গিয়ে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার),ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক ও নির্যাতিত শিশুটির বাবাসহ স্থানীয় ব্যক্তিরা।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি এর সাঘাটা শাখার সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম,সুব্রত কুমার,অবিনাশ চন্দ্র রায়,অষ্টমী রাণী,শ্যামলী দাস,রূপর্ণা মণ্ডল ও শিবনাথ কুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য,গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কন্যাশিশুকে ধর্ষণ করে পালিয়ে যান মোন্তাজ আলী ওরফে চেংটু। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।