কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার রাতে চুরির সন্দেহে ফয়সালকে আটক করা হয়। পরে তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। মঙ্গলবার সকালেও তাকে মারধর করা হয়েছে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফয়সালকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কয়েকজনের মারধরের ও তার পিঠের ওপর ইট রেখে বর্বর পাষণ্ড ভাবে অমানবিক নির্যাতনের দৃশ্য দেখা যায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ফয়সাল সত্যিই চুরি করেছিলেন কি না, সে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি।
আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার কথা। মহেশখালীর এই ঘটনায় পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের ভূমিকা পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।