চট্টগ্রাম বন্দরে জাপান থেকে আনা পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিনের একটি চালানে ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং দুটি খণ্ডিত গাড়ি পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ যৌথভাবে চালানটি পরীক্ষা করে এসব পণ্যের সন্ধান পায়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিল অব এন্ট্রি নম্বর সি-৯৭৬৬-এর মাধ্যমে গত ৩০ জুলাই ২০২৬ তারিখে চালানটিতে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল। এর আমদানিকারক চট্টগ্রামের চন্দনগাঁওয়ের আরাকান রোডের মৈত্রী অটোমোবাইল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে রয়েছে জে পি এক্সপ্রেস লিমিটেড।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর চালানটি কাস্টমস হাউসের আইসিডি এলাকায় লক করা হয়। পরবর্তী সময়ে গত ১৫ সেপ্টেম্বর ‘ফোর্স কিপ ডাউন’ করার ব্যবস্থা নিয়ে দুই দিন ধরে কায়িক পরীক্ষা চালানো হলে এসব খণ্ডিত গাড়ি ও ইঞ্জিন শনাক্ত হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘোষণার সঙ্গে চালানে পাওয়া পণ্যের সামঞ্জস্য ও শুল্কায়নসংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে পরীক্ষণ প্রতিবেদন তৈরির পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।