দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ১৫ দিনে ৭৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৫৩ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৩৮ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৫৭৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৪৩ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩, সিলেটে ৯ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।