জাতীয় আইনগত সহায়তা সংস্থার ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে সরকারি খরচে শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের জন্য মোট ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এই অর্থ আদায় হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রমিকদের ৪ হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৮২৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির বা এডিআরের উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৪১৭টি মামলায় এবং এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১ হাজার ৯৭১টি। আইনগত সহায়তা প্রাপ্ত মোট উপকারভোগী শ্রমিকের সংখ্যা ৩০ হাজার ৫১৪ জন।
শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই সেবা চালু হলেও পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও তা সম্প্রসারণ করা হয়। বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং হেল্পলাইন কল সেন্টার থেকে এই সেবা দেওয়া হচ্ছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে সরকারি খরচে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।