গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ বেবী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তার স্বামী মোঃ মনু মিয়াকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পলাতক আসামি মনু মিয়ার টিনশেড বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষে থাকা বেবী বেগমের দেহ মহিলা পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত পায়জামার কোমরের সামনের ডান কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার বেবী বেগম সবুজপাড়া এলাকার মোঃ মনু মিয়ার স্ত্রী এবং মৃত মিজানুর রহমানের মেয়ে। তার স্বামী মোঃ মনু মিয়া একই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।
এ ঘটনায় বেবী বেগম ও পলাতক মনু মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ২৯(ক) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।