আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলা ও বিশেষায়িত ইউনিট গুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় রংপুর জেলা পুলিশ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন,রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) বি এম আশরাফ উল্ল্যাহ তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্যের ব্যবহার, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে আগাম প্রস্তুতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কুইক রেসপন্স টিমের (QRT) কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রেখে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।