বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন এ খাতের ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বেকারি পণ্যের উৎপাদন ও বিপণন ব্যয় এবং ব্যবসায়ীদের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ঘোষণার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন এবং আলোচনার পর দাম বাড়ানোর সিদ্ধান্তটি আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি জানান।
এদিকে বেকারি পণ্যের উৎপাদন ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে জনস্বার্থ ও ভোক্তাদের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজার স্থিতিশীল রাখা হবে। বৈঠকে সচিব মো: আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।