পশ্চিম গাজা সিটিতে রাতের আঁধারে একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সাক্ষী ও সাংবাদিকদের তথ্য অনুযায়ী, ওই ভবনটিতে ছয়টি পরিবার আটকা পড়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে। আল জাজিরার যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে ছোট শিশুদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্বে ইসরায়েলি বোমাবর্ষণের কারণে ভবনটিতে ফাটল ধরেছিল এবং এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। গাজাব্যাপী এমন হাজার হাজার ক্ষতিগ্রস্ত ও আংশিক ধ্বংসপ্রাপ্ত বাড়ি রয়েছে যা বসবাসের অনুপযুক্ত এবং আকস্মিক ধসের ঝুঁকিতে আছে।
ইসরায়েল মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এবং ভারী সরঞ্জাম প্রবেশে বাধা দেওয়ায় ফিলিস্তিনিরা বাধ্য হয়ে অর্ধভাঙ্গা ভবনে বসবাস করছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা মূলত শারীরিক শ্রমের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা জরুরি পরিস্থিতিতে উদ্ধার কাজ ধীর করে দিচ্ছে।