নিজের নতুন রূপকে সম্পূর্ণ মেনে নিয়েছেন অভিনেত্রী ও উপস্থাপিকা সামিয়া আফরিন। নিজের সত্তা নিয়ে দ্বিধাহীন সামিয়া প্রথমবার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দীর্ঘদিন নিজের মধ্যে রেখেছিলেন। পরিবার ও খুব কাছের কয়েকজন বন্ধু ছাড়া তেমন কেউ জানতেন না এই খবরটি।
অর্ধ দশক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। প্রথম দফায় কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দুই বছর চিকিৎসা নেওয়ার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। কিন্তু পুনরায় তার শরীরে বাসা বেঁধেছে এই মরণব্যাধি এবং এবার তার ওভারিয়ান ক্যানসার শনাক্ত হয়েছে।
সামিয়া আফরিন বলেন, কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড হয়ে যাবে। চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না এবং আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা।
নিজের প্রতিটি পরিবর্তনের জন্য আলহামদুলিল্লাহ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এই সময়টাও কেটে যাবে। জীবনের এই কঠিন সময়টিকে তিনি সাহস, গ্রহণ আর নিজের প্রতি ভালোবাসার গল্প বলে উল্লেখ করেছেন।