দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরো ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে দুটি কার্গো এলএনজি কেনা হবে। এসব কার্গোর একটি ৯-১০ অক্টোবর এবং অপরটি ২৭-২৮ অক্টোবর ২০২৬ তারিখে দেশে সরবরাহের কথা রয়েছে। এ দুটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দর যথাক্রমে ২৮ দশমিক ৯৫ ও ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার।
যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫২তম কার্গোর জন্য এবং সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড ৫৬তম কার্গোর জন্য এই দর প্রস্তাব করেছে। এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেড থেকে দুটি ও মাইন্ড মিংগল এলএলসি থেকে আরো দুটি কার্গো কেনার অনুমোদন দেয়া হয়েছে।