অতি প্রক্রিয়াজাত খাবার শিশু-কিশোরদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ হয়ে উঠছে। নিয়মিত এসব খাবার গ্রহণ ভবিষ্যতে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কিশোরীদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে পলিসিস্টিক ওভারি সিনড্রোমসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টসের উদ্যোগে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এফএনএফের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নারী শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোমসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ছোটবেলা থেকেই খাবার নির্বাচন ও খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের প্রতিদিনের টিফিনে বিভিন্ন ধরনের প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের উপস্থিতি বাড়ছে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনার পরিচালনায় সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. ইব্রাহিম আল রিয়াদ।
কার্যক্রমে সহযোগিতা করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মোছা. তাইফা আখতার। এফএনএফের প্রতিষ্ঠাতা মো. রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে এ ধরনের সচেতনতামূলক আয়োজন প্রয়োজন। শিশু-কিশোরদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।