গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পার হলেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পৌরবাসী।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে দ্রুত পানি শোধনাগারটি চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালুর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন পৌরবাসীরা। বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে প্রসাশনের নজরে আসে। অবশেষে
এলাকাবাসীর মানববন্ধনের পরদিন,১৪ সেপ্টেম্বর,সোমবার পরীক্ষামূলকভাবে পানি শোধনাগারটি চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা।
পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় লোক পাঠিয়ে সরেজমিনে লাইনের সংযোগ ও অন্যান্য সমস্যা পরীক্ষা করা হচ্ছে। কোথাও লাইনে কোনো ত্রুটি বা সমস্যা রয়েছে কি না,তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দীর্ঘদিনের প্রত্যাশার পর পানি শোধনাগারটি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এখন সবার প্রত্যাশাপরীক্ষামূলক কার্যক্রম শেষে পানি সরবরাহ যেন নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে।