রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। গত রবিবার ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুক লাইভে এসে শিশুটির একজন স্বজন এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সে সময় কোনো চিকিৎসককে পাওয়া যায়নি বলে জানানো হয়।
গত ১ সেপ্টেম্বর নয় মাস বয়সী শিশু আয়ান আবদুল্লাহকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির মা অভিযোগ করেন, শারীরিক অবস্থার অবনতি হলে বারবার ডাকাডাকি করা সত্ত্বেও ওয়ার্ড বা পাশের কোনো ডাক্তার রুমে কোনো চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি। এমনকি এনআইসিইউর কোনো ডাক্তারও সেখানে উপস্থিত ছিল না বলে স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
তবে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নাজমুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। কনসালট্যান্ট ডা. মো. আতিকুল ইসলাম জানান, রাতে হাসপাতাল থেকে তাকে ফোন করে জানানো হয়েছিল এবং সিরিয়াস কিছু নয় বলা হয়েছিল।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিক জানিয়েছেন, সিসি ক্যামেরা দেখলেই চিকিৎসক উপস্থিত ছিল কি না তা পরিষ্কার হয়ে যাবে। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন এবং ২৪ ঘণ্টাই সেখানে চিকিৎসক ও নার্স থাকে বলে দাবি করেন।