রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের পিআইসিইউতে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অনুপস্থিতি ও চিকিৎসা ব্যয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে আসিফ হাসান নামের এক স্বজন ফেসবুক লাইভে এসে হাসপাতালের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আসিফ হাসান জানান, গত ১ সেপ্টেম্বর তার ভাগ্নির ছেলেকে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে চিকিৎসকেরা শিশুটির রক্তে সুগার কমে যাওয়ার কথা জানালেও পরে দফায় দফায় বিভিন্ন শারীরিক সমস্যার কথা বলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার জানানো হয়েছিল পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়া হবে, অথচ বিকেলে আকস্মিকভাবে জানানো হয় তার লাইফ সাপোর্ট প্রয়োজন।
শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয় বলে অভিযোগ করেন আসিফ হাসান। পরবর্তী সময়ে জোর করে পিআইসিইউতে প্রবেশ করে তারা শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। ওই সময় ডাকাডাকি করেও সেখানে কোনো চিকিৎসকের দেখা মেলেনি বলে তিনি দাবি করেন। পাশাপাশি চিকিৎসার নামে হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ টাকার বেশি বিল করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক লাইভ করার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন বহিরাগত এসে তাকে শাসানোর চেষ্টা করে বলেও অভিযোগ করেন আসিফ। পরে ঘটনাস্থলে পুলিশ এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং শিশুটির মৃত্যুর কারণ কিংবা চিকিৎসায় অবহেলার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।