রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ভবনের ছাদ থেকে নিচে পড়ে অমিত ঘোষ (১৭) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার অবস্থা বর্তমানে শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং তাকে মোহাম্মদপুরের একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও অভিভাবকদের তথ্য অনুযায়ী, রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৫ মিনিটে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ ক্যাম্পাসের ৬ নম্বর ভবনের ১১ তলার ছাদ থেকে সে নিচে পড়ে যায়। উপুড় হয়ে পড়ার কারণে তার নাক-মুখ ও মাথায় গুরুতর জখম হয় এবং দ্রুত তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অমিত এই প্রতিষ্ঠানের মালিবাগ শাখার উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী এবং তার বাবা একজন স্বর্ণকার ও মা গৃহিণী। রামপুরা থানার এসআই হোসেন জানান, অমিতের ক্লাস ৬ তলায় থাকলেও সে ছাদে গিয়ে নিজেই লাফ দেয় এবং তার ব্যাগে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।