সাভারে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে এক গৃহবধূর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকার আতাউর রহমানের গলিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ সুলতানা আক্তার রুমি (২৫) জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর ভাড়া বাসায় এসে নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। উক্ত ব্যক্তি સરકાર কর্তৃক ফ্যামিলি কার্ড ও শিশুদের ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর বিশ্বাস অর্জন করেন। পরবর্তীতে ছবি তোলার অযুহাতে ভুক্তভোগীকে তাঁর পরিহিত গহনা খুলে রাখার পরামর্শ দেওয়া হয়।সরল বিশ্বাসে রুমি তাঁর গলার ১৩ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল খুলে ঘরের ভেতরে টেবিলের ওপর রাখেন। এরপর তথাকথিত ওই কর্মকর্তা কৌশলে কথাবার্তার ফাঁদে ফেলে টেবিল থেকে মোট ১৭ আনা স্বর্ণালংকার নিয়ে দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে আশেপাশের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ওই প্রতারকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "এই প্রতারক চক্রটিকে চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।